বন্ধুত্বের টান বুঝি একেই বলে! রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন লিওনেল মেসি কিন্তু নেইমারের যেন প্রিয় বন্ধুর এত সমালোচনা সহ্য হলো না। বার্সেলোনার সময় থেকে শুরু বন্ধুত্বটা এখন পিএসজিতেও রং ছড়ায়। সেই ‘বন্ধুত্বের’ টানেই কিনা গত শনিবার লিগে নঁতের বিপক্ষে পেনাল্টি মিস করলেন নেইমারও।
কিন্তু কোথায় নঁতে আর কোথায় রিয়াল মাদ্রিদ! চ্যাম্পিয়নস লিগের সামনেও ফরাসি লিগ নিশ্চয়ই গুরুত্বের বিচারে পাত্তা পাবে না। মেসির পেনাল্টি মিস তাই এখনো আলোচনায়। এমনিতেই ক্যারিয়ারজুড়ে পেনাল্টিতে মেসির দুর্বলতা নিয়ে সমালোচনা হয়েছে অনেক, এই মৌসুমে তাঁর পারফরম্যান্সও নেতিবাচক শিরোনামে আসছে বারবার। রিয়াল ম্যাচের পর সমালোচনা দুদিক থেকেই বেড়েছে।
তা পরিসংখ্যান কী বলে? মেসির পেনাল্টি রেকর্ড আসলে কেমন?
২০১২ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সার বিদায়ের পথে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগে পেনাল্টি মিস, ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে শট বার উঁচিয়ে মারা...চাপের মুহূর্তে পেনাল্টিতে মেসির সাফল্য নিয়ে বিতর্ক পুরোনো। এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র প্রথম লেগেই খেলেছে পিএসজি, তাতে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের গোলে জিতেছে কিন্তু শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে পিএসজি শেষ ষোলোতে বাদ পড়ে গেলে মেসির পেনাল্টি নিয়ে আলোচনায় আবার পারদ চড়বে নিশ্চিত।