১১টি জেব্রার শরীরেই বিষক্রিয়ার আলামত

Date: 2022-02-21
news-banner

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মৃত ১১টি জেব্রার শরীরে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে। পার্কের ১৩টি বন্য প্রাণীর মৃত্যুর ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাইট্রেট (বিষাক্ত উপাদান) বিষক্রিয়া ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। আর সিংহী ও বাঘের মৃত্যুর কারণ হিসেবে যথাক্রমে যক্ষ্মা ও অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

গতকাল রোববার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা প্রথম আলোকে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সঞ্জয় কুমার ভৌমিক। পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় গত ২৬ জানুয়ারি ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে পাঁচটি গবেষণাগারে ওই ১৩টি বন্য প্রাণীর নমুনা পরীক্ষা করা হয়। গবেষণাগারগুলো হলো সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার (সিডিআইএল), মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি এবং সিআইডির ফরেনসিক ল্যাব। নমুনা পরীক্ষার ফলাফল এবং সাফারি পার্কের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার, প্রাণীর উপসর্গ, সরেজমিন পরিদর্শনসহ বিভিন্ন বিষয় প্রতিবেদন তৈরিতে আমলে নেওয়া হয়েছে।

Leave Your Comments